সোমবার ১১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'আমি মনেপ্রাণে বাঙালি', কলকাতা চলচ্চিত্র উৎসবে এসে আবেগে চোখের জল আটকে আর কী বললেন বিদ্যা বালন?

Rahul Majumder | | Editor: শ্যামশ্রী সাহা ০৬ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৬Soma Majumder

নিজস্ব সংবাদদাতা: তিনি এলেন। দেখলেন। ফের মন জয় করলেন, আবেগ এবং বাঙালিয়ানাকে সঙ্গী করেই। তিনি, বিদ্যা বালন।
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রয়াত নাট্যকার-পরিচালক গৌতম হালদারের উপর এক আলোচনা সভায় অংশগ্রহণ করতে শুক্রবার দুপুরে শিশির মঞ্চে হাজির হয়েছিলেন তিনি। গৌতম হালদারের পরিচালনায় 'ভাল থেকো' ছবিতে অভিনয়ের সুবাদে তাঁর বড়পর্দায় পথচলা শুরু। 

মঞ্চে উঠেই ঈষৎ মাথা ঝুঁকিয়ে গোল গোল উচ্চারণ নয়, পরিস্কারভাবে  বলে উঠলেন, "নমস্কার"। সোনালী পাড়ে লাল-কালো শাড়ির সঙ্গতে ছিল একেবারে বাঙালি সাবেক সাজ। মাঝখানে সিঁথি করে চুলটা পিছনে টেনে একটা খোঁপা করেছিলেন। হালকা মেকআপ আর ঠোঁটে শাড়ির সঙ্গে মানানসই রঙের লিপস্টিক। কপালে একটা ছোট্ট কালো বিন্দি। সাজের জৌলুস বাড়িয়ে দিচ্ছিল খোঁপায় বাঁধা বেলফুল। আর কানে ছিল তাঁর বরাবরের প্রিয় ঝুমকো দুল। আলোচনা সভার শুরুতেই বলে উঠলেন, " এই শাড়ি আমাকে গৌতমদা ও চৈতি বৌদি উপহার দিয়েছিলেন। 'ভাল থেকো'র প্রিমিয়ারে পরেছিলাম। যত্ন করে রেখে দিয়েছিলাম। আজ গৌতমদার জন্য যখন এই অনুষ্ঠান, তখন ভাবলাম আবার পরি..." বলার মাঝেই ততক্ষণে আবেগে তিরতির করে কাঁপতে শুরু করে দিয়েছে তাঁর গলা। কোনওরকমে জল খেয়ে সামলালেন নিজেকে। সামান্য চুপ, তারপরেই সেই ঝলমলে অতি-পরিচিত বিদ্যা বালন।

কীভাবে 'ভালো থেকো' ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি? বিদ্যা জানান, প্রদীপ সরকারের পরিচালনায় একটি বিজ্ঞাপনের শুট করতে কলকাতার এসেছিলেন তিনি। সেই সময় প্রোডাকশন ম্যানেজার দীনেশ রাউতের নজরে পড়েন তিনি। এই দীনেশ রাউত-ই গিয়ে গৌতম হালদারকে বলেন বিদ্যার কথা। সেই সময় 'ভালো থেকো'র কাস্ট করছিলেন গৌতম। অতীতের সরণি যে তাঁর কাছে ধূসর নয় তা অভিনেত্রীর কথা থেকেই স্পষ্ট হল। কখনও ইংরেজি, কখনও ভাঙা ভাঙা বাংলায় তিনি বললেন, " কিচ্ছু জানতাম না সিনেমার ব্যাপারে। চিত্রনাট্য পড়া তো দূরের কথা। আর কী অসম্ভব ভদ্র মানুষ ছিলেন।‌ মজার কথা উনিই প্রথম মানুষ যিনি আমাকে বিদ্যা বলে ডেকেছিলেন, 'ভিদ্যা' নয়। সেই প্রথম জেনেছিলাম, ভিদ্যাকে বাংলায় বিদ্যা উচ্চারণ করা হয়। আর গৌতমদা কিন্তু আমার সঙ্গে পুরো বাংলা কথা বলতেন প্রথম থেকেই। চিত্রনাট্য পড়িয়েছিলেন, বুঝিয়েছিলেন বাংলাতেও। আর আমি বাংলার 'ব'-ও জানতাম না অথচ সব বুঝতে পেরেছিলাম। স্রেফ অনুভূতির জোরে...."

সামান্য থেমে বিদ্যা ফের বলে উঠলেন, " আর এই ছবিতেই প্রথম শটেই সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয়। 'জ্যেঠামশাই' ডাকতে না পেরে তাঁকে জেঠু ডাকা...কত, কত স্মৃতি। বাঙালি যে কীভাবে আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, তা ভাবা যায় না। 'পরিণীতা'-র কথাই ধরুন। প্রদীপদা বাঙালি পরিচালক। তাঁর হাত ধরেই হিন্দি ছবিতে প্রবেশ। বিপরীতে কে? না সইফ আলি খান। তিনিও তো হাফ বাঙালি!" এরপরেই দর্শকের দিকে তাকিয়ে তিনি বললেন, "আমি মনেপ্রাণে বাঙালি। বাংলা ভাষা, বাংলা সিনেমা, বাঙালি খাবার, বাঙালির সংস্কৃতি -সব আমার বড্ড প্রিয়। আমি তো অনেককে নিজের পরিচয় দিয়ে বলি প্রবাসী বাঙালি। সুজয়, মানে 'কাহানি'র পরিচালক সুজয় ঘোষ তো আমার খুব পিছনে লাগে এই নিয়ে। আমি আরও একটা কথা এই ফাঁকে বলে রাখতে চাই। কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে র প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই গৌতমদার উদ্দেশ্যে এভাবে শ্রদ্ধার্ঘ্য জানানোর জন্য।" 

সম্প্রতি বিদ্যা চর্চায় এসেছেন ওজন ঝরানো নিয়ে। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ৩’ ছবিতে ফের ‘মঞ্জুলিকা’র চরিত্র নিয়ে ফিরে এসেছেন বিদ্যা। তাঁকে দেখে বোঝাই গিয়েছে যে, অনেকটাই ওজন ঝরিয়েছেন। বিদ্যা অবশ্য মঞ্চ থেকে জানালেন শারীরিক মাপ কখনও সৌন্দর্যের প্রতীক হতে পারে না, কিছুতেই পারে না। অন্তত তার ক্ষেত্রে হয়নি।

কলকাতায় এলে কালীঘাটও  অবশ্যই যাবেন বিদ্যা। অভিনেত্রীর কথায়, “প্রথম বার কালীঘাটে এসেছিলাম, আমার প্রথম ছবি ‘ভাল থেকো’র সময়ে। এরপর যখনই কলকাতায় এসেছি, কালীঘাটে অবশ্যই গিয়েছি। এবারেও যাব। টানা কয়েক মাস কলকাতায় না আসতে পারলে, কালীঘাট মন্দিরের চৌকাঠ ছুঁতে না পারলে হাঁসফাঁস লাগে।" 

অনুষ্ঠানের প্রায় শেষে দর্শক, অনুরাগীদের প্রশ্নের মুখোমুখিও হলেন 'দ্য ডার্টি পিকচার'-এর নায়িকা। "কী কী অনুশীলন আপনার মতো অভিনয় করতে পারব?" প্রশ্নের জবাবে বিদ্যার চটজলদি জবাব, "মন যা চায় তাই করো। আনন্দে করো। ভাল থেকো।" কথা শেষে আলো-ঝলমলে হাসি কলকাতাবাসীদের জন্য উপহার দিতে এবারও ভুল হল না তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া