শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | | Editor: Syamasri Saha ১৭ মে ২০২৫ ১৮ : ১৩Akash Debnath
আকাশ দেবনাথ: চিকিৎসাবিজ্ঞানের উন্নতির সঙ্গে তাল মিলিয়ে বাজারে আসছে ত্বকচর্চার নিত্যনতুন সাধন। সম্প্রতি রূপটানে আগ্রহী ব্যক্তিদের নোটবইতে যুক্ত হয়েছে এমন একটি নাম যার প্রতি আকৃষ্ট হচ্ছেন সাধারণ গৃহবধূ থেকে চিত্রতারকারাও - পিআরপি ফেসিয়াল। বিষয়টি ঠিক কী? জানতে এমডি ডার্মাটোলজি ডা. শ্রুতি বর্মণের সঙ্গে কথা বলল আজকাল ডট ইন।
রূপটানে আগ্রহী বহু মানুষের মুখে মুখে এখন পিআরপি থেরাপির কথা শোনা যাচ্ছে। বিষয়টি ঠিক কী? প্রশ্নের জবাবে চিকিৎসক বলেন, “পিআরপি কথাটির অর্থ, ‘প্লেটলেট রিচ প্লাজমা’। আমাদের রক্তে যেমন শ্বেত রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা থাকে তেমনই থাকে অনুচক্রিকা বা প্লেটলেট। যখন শরীরে কোনও আঘাত লাগে তখন সেই অঞ্চলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করা এবং রক্তক্ষরণ বন্ধ করা এই অনুচক্রিকা বা প্লেটলেট-এর মূল কাজ। কিন্তু তার পাশাপাশি প্লেটলেটের আরও একটি ভূমিকা রয়েছে। এর মধ্যে কিছু ‘গ্রোথ ফ্যাক্টর’ থাকে। এই গ্রোথ ফ্যাক্টরগুলি নতুন কোষ তৈরি করতে সাহায্য করে। মূলত এই বিষয়টির উপর ভিত্তি করেই চুল এবং ত্বক পুনরুজ্জীবিত করতে এই থেরাপি ব্যবহার করা হয়।”
অর্থাৎ চুল এবং ত্বক, দু’ক্ষেত্রেই এই থেরাপি কার্যকর। মূলত মাথার ত্বক বা স্ক্যাল্পে এবং মুখের চামড়ার তলায় প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা ইঞ্জেক্ট করা হয়। স্ক্যাল্পের ক্ষেত্রে এতে নতুন নতুন ফলিকল তৈরি হয়, রক্ত সঞ্চালন ভাল হয়, চুলের ঘনত্ব বাড়ে এবং চুল পড়ার সমস্যাও কমে। মুখের ক্ষেত্রে যাঁদের বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়া কিংবা রোদে পোড়া ত্বকের মতো সমস্যা রয়েছে, তাঁরা এই চিকিৎসায় উপকার পান। আসলে এই সব কিছুর নেপথ্যে রয়েছে পূর্বে উল্লিখিত গ্রোথ ফ্যাক্টরগুলি, এমনই জানিয়েছেন চিকিৎসক।
কোন বয়সের মানুষরা বেশি আসছেন এই থেরাপি নিতে? চিকিৎসকের কথায়, “দেখুন একটা কথা আছে, প্রথমে দর্শনধারী, তারপর গুণের বিচার। ২০ থেকে ৪০ বছর বয়সি অনেকেই এই কথাটা মানেন, কেউ কেউ তো নিজের ত্বক এবং চুল নিয়ে রীতিমতো হীনম্মন্যতায় ভোগেন। অনেকে মনে করেন চাকরির জন্যেও ঝকঝকে লুকের দরকার। তাই এই বয়সি ব্যক্তিরা বহু সংখ্যায় আমাদের কাছে আসেন। পুরুষদের মধ্যে অনেকের বংশগতির কারণে তাড়াতাড়ি চুল পড়ে যায়, তাঁরাও আসেন। অন্যদিকে যাঁরা ৫০ পেরিয়ে গিয়েছেন তাঁদের মধ্যে মুখের পিআরপি করার প্রবণতা বেশি।”
ঠিক কীভাবে দেওয়া হয় এই থেরাপি? চিকিৎসকের কথায়, “সাধারণত খুব সরু সুচ ব্যবহার করা হয় এই থেরাপির জন্য। অনেকে ইনসুলিন নেওয়ার নিডল ব্যবহার করেন, কারণ ইনসুলিন ইঞ্জেকশনের সুচ খুবই সূক্ষ্ম।” এই পদ্ধতির একটি সুবিধা হল, যে প্লেটলেট সমৃদ্ধ প্লাজমা রোগীর উপর প্রয়োগ করা হয়, সেটা তাঁর নিজের দেহ থেকেই সংগ্রহ করা। কাজেই নিজের রক্ত থেকে অ্যালার্জি হওয়ারও আশঙ্কা নেই বললেই চলে। চিকিৎসক জানিয়েছেন, রোগীর শিরা থেকে রক্ত নিয়ে প্রথমে তাকে সেন্ট্রিফিউজ করা হয়। অর্থাৎ রক্ত থেকে ঘন প্লাজমা আলাদা করা হয়। এর পর প্লেটলেটে ঠাসা সেই প্লাজমা রোগীর ত্বকে প্রবেশ করানো হয়।
তবে একবার করালে হবে না। চিকিৎসক বলেন, “কমবেশি ৪০ মিনিট সময় লাগে একটি সেশনে। প্রত্যেকের শরীর আলাদা, তাই কার ত্বকে কেমন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার উপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নিই কত দিন অন্তর এই থেরাপি প্রয়োগ করা হবে। তবে সাধারণভাবে প্রথমে মাসে অন্তত একবার করে পিআরপি করাতে হয়। ছয় বার করানোর পর থেকে বছরে দু'বার করানোই যথেষ্ট।”
পিআরপি করাতে আসার আগে বা পরে কী করা উচিত আর কী করা উচিত নয়? মুখে পিআরপি করানোর আগে বিশেষ কোনও নিয়ম মানার দরকার পড়ে না। তবে এই বিষয়ে সতর্কতার বার্তা দিয়েছেন চিকিৎসক। ডা. বর্মণের কথায়, “যাঁদের কোমরবিডিটি থাকে তাঁদের একটু সতর্ক থাকতে হবে। যেমন ধরুন ডায়াবেটিস, গর্ভাবস্থা, রক্ত জমাট বাঁধা কিংবা অতিরিক্ত রক্তক্ষরণের সমস্যা থাকলে আমরা সচরাচর পিআরপি এড়িয়ে চলার পরামর্শ দিই। আর থেরাপি নেওয়ার পর ২৪ ঘণ্টা মুখে কিছু মাখতে বা মুখ ধুতে নিষেধ করা হয়। তার পর থেকে সানস্ক্রিন আর ময়েশ্চারাইজার ব্যবহার করা যায়।”
তবে এই চিকিৎসাপদ্ধতি বেশ খরচ সাপেক্ষ। কলকাতায় পিআরপি করাতে প্রতিবার অন্তত পাঁচ থেকে সাত হাজার টাকা খরচ হয়। মূলত কী ধরনের কিট ব্যবহার করা হচ্ছে তার উপর খরচ নির্ভর করে। এবিষয়ে চিকিৎসক জানান, পিআরপির সঙ্গে অনেকে ‘গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট’ বা জিএফসি কিটও ব্যবহার করেন। সে ক্ষেত্রে খরচ আরও বাড়তে পারে।
যাঁরা এই পদ্ধতিতে ত্বকের জেল্লা ফেরাতে চান, বা চুল পড়া কমাতে চান তাঁদের থেরাপি নেওয়ার আগে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। বলেছেন, “দেখুন, এই থেরাপির জন্য আলাদা করেহাসপাতালে ভর্তি হতে হয় না। গোটাটাই আউটডোরে হয়। কিন্তু যেখান থেকেই করান, প্রশিক্ষিত চিকিৎসকের হাতেই করানো উচিত। আজকাল বহু ছোট ছোট ক্লিনিক খুলেছে যেখানে ডাক্তারি পাশ না করেই এই থেরাপি দেওয়া হচ্ছে। কিন্তু মাথায় রাখবেন, গোটা বিষয়টি কিন্তু রক্ত সংক্রান্ত। ইঞ্জেকশনের ব্যবহার আছে। তাই ঠিকমতো জীবাণুমুক্ত না করা হলে মারাত্মক বিপদ হতে পারে। কাজেই এই ধরনের জায়গা থেকে চিকিৎসা না করানোই ভাল। যদি কোনও কারণে ইনফেকশন হয় তবে মুখ লাল হয়ে ফুলে যেতে পারে। ব্যথা হতে পারে। সঙ্গে ফুসকুড়ি দেখা দিতে পারে। এই ফুসকুড়ি থেকে পুঁজও বেরতে পারে। স্ক্যাল্পে করালে, এই উপসর্গগুলি ছাড়াও চুলকানি হতে পারে। তাই আগে থেকেই সতর্ক হতে হবে।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ